
ভাতার, ৪ মে (হি. স.): পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা আসনে জয়লাভ করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন কার্ফাকে সরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তনুকে ৬ হাজার ৫২৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
সোমবার গণনার শুরু থেকেই ভাতার আসনে বিজেপি ও তৃণমূলের মধ্যে সমানে সমানে টক্কর চলছিল। তবে শেষ কয়েক রাউন্ডে লিড ধরে রেখে জয়ের হাসি হাসলেন সৌমেন কার্ফা। ভাতারের এই জয় জেলা বিজেপির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে শংসাপত্র পাওয়ার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকেরা। অন্যদিকে, তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই পরাজয় নিয়ে পর্যালোচনার কথা জানানো হয়েছে। এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি