
মন্তেশ্বর, ৪ মে (হি. স.): টানটান উত্তেজনার অবসান ঘটিয়ে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা আসনে জয়লাভ করলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী সৈকত পাঁজা। সোমবার দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে সরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী সিদ্দাকুল্লা চৌধুরীকে ১৪ হাজার ৭৯৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
এদিন গণনার শুরু থেকেই মন্তেশ্বরে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যাচ্ছিল। তবে রাউন্ড যত বেড়েছে, জয়ের ব্যবধান তত স্পষ্ট করেছেন সৈকত পাঁজা। এক সময়ের তৃণমূল বিধায়ক সৈকত পাঁজা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। নিজের গড় রক্ষা করার পাশাপাশি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে পরাজিত করে তিনি এলাকায় গেরুয়া শিবিরের আধিপত্য প্রমাণ করলেন।
অন্যদিকে, সিদ্দাকুল্লা চৌধুরীর মতো অভিজ্ঞ নেতার হার জেলা তৃণমূলের কাছে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ফল ঘোষণার পরেই মন্তেশ্বর এলাকা জুড়ে বিজয় উৎসবে মেতে উঠেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। যদিও প্রশাসনের পক্ষ থেকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় কড়া পুলিশি পাহারা রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি