
হাওড়া, ৬ মে (হি. স.):- রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে অভিনব ছবি দেখা গেল হাওড়ার শ্যামপুর বিধানসভা এলাকার দেওড়া মোড়ে। বিজেপির জয়ের পর এলাকায় লাড্ডু বিলি করলেন কংগ্রেস কর্মীরা। বুধবার সকাল প্রায় দশটা নাগাদ দেওড়া মোড়ে একত্রিত হন স্থানীয় কংগ্রেস নেতা-কর্মীরা। এরপর পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।এই কর্মসূচির নেতৃত্ব দেন হাওড়া জেলা কংগ্রেসের নেতা আতিয়ার রহমান খান। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিজেপির জয়ে যতটা না আনন্দ, তার চেয়ে বেশি খুশি তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে রাজ্যে যে রাজনৈতিক পরিস্থিতি চলছিল, সাধারণ মানুষ তার পরিবর্তন চেয়েছিলেন। সেই কারণেই এই ফলাফলকে স্বাগত জানিয়ে কংগ্রেস কর্মীরা মিষ্টিমুখের আয়োজন করেছেন।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বহু মানুষ দাঁড়িয়ে এই দৃশ্য উপভোগ করেন। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিরোধী রাজনীতির সমীকরণে কংগ্রেসের এই অবস্থান আগামী দিনে নতুন রাজনৈতিক বার্তা বহন করতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়