
নওদা, ৬ মে ( হি.স.): বিহারের নওদায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বুধবার রজাউলি টোল প্লাজার কাছে নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ছয়জন গুরুতর আহত হন, পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতরা ঝাড়খণ্ডের রাজারাপ্পা মন্দিরে পূজা সেরে নালন্দার বেনা থানার বিরনামা গ্রামে ফিরছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত রজাউলি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে অভিযোগ, হাসপাতালে পৌঁছেও দীর্ঘ সময় কোনও চিকিৎসক বা নার্স উপস্থিত ছিলেন না। ফলে প্রাথমিক চিকিৎসা না পাওয়ায় এক আহতের মৃত্যু হয়। বাকি পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা বিক্ষোভ দেখান। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত করা হবে।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক