
কলকাতা, ৭ মে (হি. স. ) : “আইপ্যাকের এক চুক্তিভিত্তিক কর্মী আমাদের কাছে অভিযোগ করেছেন। তার সম্মান রাখতেই তার নাম ও মেসেজের স্ক্রিনশট আমরা প্রকাশ করছি না। প্রয়োজনে করতেও পারি।” এই মর্মে জানিয়েছে ‘ একটি সংবাদ-গোষ্ঠী।
সামাজিক মাধ্যমে তারা লিখেছে, “৩০০ জন কন্টেন্ট ক্রিয়েটর আইপ্যাক মারফৎ তৃণমূলের হয়ে কাজ করেছেন। কিন্তু তাদেরকে এক পয়সা দেয়নি তৃণমূল বা আইপ্যাক সংস্থা। সমস্ত কাজ করার পরেও, রাতদিন এক করে অ্যাসাইনমেন্ট পূরণ করার পরেও তারা কোনো টাকা পাননি। আমরা যেন এই বিষয়ে তাদের পাশে দাঁড়াই।
আমাদের বক্তব্য, আমরা পাশে দাঁড়াব না। পাশাপাশি আমরা লেফ্ট আইনজীবী ফ্র্যাটারনিটির কাছে অনুরোধ করছি, এইধরণের কোনো কাতর আবেদন এলে একটুও সাহায্য করবেন না।
আজ যদি প্রবল দুর্নীতিগ্রস্ত তৃণমূল জিতে আরো একবার সরকারে আসত, তো সেই জয়ের পেছনে সবচেয়ে বড়ো অবদান থাকত এইসব ক্রিয়েটরদেরই। জেনে বুঝে শুধু বাড়তি কিছু টাকা কামানোর জন্য এরা কন্টেন্ট বানিয়ে বানিয়ে সোশ্যাল মিডিয়ায় কালোকে আলো বানাবার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। এদের বিরুদ্ধে যাওয়ার কোনো কারণ যেমন নেই, এদের পাশে থাকারও কোনো কারণ নেই।
পাশাপাশি, যারা বিজেপির হয়ে এসব কাজ করছো তাদেরকেও সাবধান করছি — ঘটিবাটি চাটি করে ছাড়বে বিজেপিও। এদের কাছে শ্রমের কোনো দাম নেই।”
আইপ্যাক-এর তরফে এ ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তাঁদের এক আধিকারিক অভিযোগের সত্যতা স্বীকার করেননি। যদিও নেটনাগরিকদের অনেকে অভিযোগের সমর্থনে আইপ্যাক এবং তৃণমূলের সমালোচনা করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত