
উত্তর ২৪ পরগনা, ৭ মে (হি.স.): বারাসত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চন্দ্রনাথ রথের ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ নিয়ে স্বজনরা পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে পৈত্রিক বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে পরিকল্পিতভাবে অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালানো হয়। এই নৃশংস হামলায় চন্দ্রনাথ রথ এবং তাঁর গাড়ির চালক—উভয়েই গুরুতরভাবে গুলিবিদ্ধ হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট ও অন্যান্য পারিপার্শ্বিক তথ্য খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চন্ডীপুরে দেহ পৌঁছনোর পর সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি