চন্দ্রনাথ রথের হত্যার ঘটনায় রাজ্যের বিভিন্ন এলাকায় অবরোধ
কলকাতা, ৭ মে (হি.স.): শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজ্যের বিভিন্ন এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি-সহ একাধিক এলাকায় বিক্ষোভ হয়। দোষীদের অবিলম্বে গ্রেফতারে
চন্দ্রনাথ রথের হত্যার ঘটনায় রাজ্যের বিভিন্ন এলাকায় অবরোধ


কলকাতা, ৭ মে (হি.স.): শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজ্যের বিভিন্ন এলাকায়। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি-সহ একাধিক এলাকায় বিক্ষোভ হয়। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথে নামে বিজেপির কর্মী ও সমর্থকরা। বৃহস্পতিবার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। এর জেরে জাতীয় সড়কের দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বহু অফিসযাত্রী, স্কুল পড়ুয়া ও সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের শালবনিতেও টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, শুভেন্দুর আপ্তসহায়ক খুনের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা চলছে। পুলিশের ভূমিকা নিয়েও সরব হন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ঘটনার পর বহু সময় কেটে গেলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকা দিয়ে ফেরার পথে চন্দ্রনাথ রথের ওপর প্রাণঘাতী হামলা হয়। মোটরবাইকে চড়ে আসা একদল দুষ্কৃতী তাঁর গাড়ি আটকে অতর্কিতে গুলি চালাতে শুরু করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande