
আগরতলা, ৭ মে (হি.স.) : নেশাগ্রস্ত দেওরের উশৃঙ্খল আচরণ ও লাগাতার হুমকিতে আতঙ্কিত হয়ে অবশেষে থানার দ্বারস্থ হলেন গৃহবধূ। পরিবারের নিরাপত্তা ও নিজেদের প্রাণের সুরক্ষার দাবিতে বৃহস্পতিবার আমতলি থানায় অভিযুক্ত কর্ণজিত সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার মা অনিতা সরকার ও বৌদি অনামিকা রায়। ঘটনাটি আমতলি থানাধীন কাঞ্চনমালা ১ নং ওয়ার্ড এলাকার।
অভিযোগ, দীর্ঘদিন ধরেই নেশার কবলে পড়ে বাড়িতে অশান্তি সৃষ্টি করে আসছে কর্ণজিত সরকার। মদের নেশায় চুর হয়ে প্রায়শই মা ও বৌদিকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্থা করত বলে অভিযোগ পরিবারের। এমনকি লাঠি নিয়ে মারধরের চেষ্টা এবং খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি।
পরিবার সূত্রে জানা গেছে, ২০১২ সালে পরিবারের কর্তা স্বপন সরকারের মৃত্যু হয়। এরপর সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেন স্ত্রী অনিতা সরকার। মানুষের বাড়িতে কাজ করে দুই ছেলে ও এক মেয়েকে বড় করে তোলেন তিনি। পরে মেয়ের বিয়ে দেন এবং বড় ছেলেরও বিয়ে হয়। বেশ শান্তিপূর্ণভাবেই চলছিল সংসার। কিন্তু গত প্রায় এক বছর ধরে ছোট ছেলে কর্ণজিত সরকারের আচরণ ক্রমশ বেপরোয়া হয়ে ওঠে।
অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে এসে মা অনিতা সরকার ও বৌদি অনামিকা রায়ের উপর অকথ্য অত্যাচার চালায় কর্ণজিত। প্রায়ই অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হত। বুধবার গভীর রাতেও একই ধরনের ঘটনা ঘটায় আতঙ্ক আরও বেড়ে যায় পরিবারের সদস্যদের মধ্যে।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনামিকা রায় জানান, “আমি দুই মেয়েকে নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। প্রায় প্রতিদিনই ও নেশা করে এসে আমাদের খুনের হুমকি দেয়। বাড়িতে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে আমতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে আরও বড় কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ