
শিলচর (অসম), ৭ মে (হি.স.) : আসাম পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে শিলচরের রামনগরে তারাপুর ব্লক ৬-এর এফসিআই রোডের কাছে একটি বাড়ি থেকে এক মণিপুরি দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ওই ভাড়া বাাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, গ্রেনেড এবং কিছু বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।
আজ শিলচরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রজত কুমার জানান, লক্ষ্মীপুর থানার ৬৪/২০২৬ নম্বরের এক মামলার প্রেক্ষিতে গতকাল বিকাল প্রায় ৪টা ৩০ মিনিট থেকে পুলিশ এবং আসাম রাইফেলস যৌথভাবে অভিযান চালায়। পরে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে অভিযুক্তদের চিহ্নিত করে রাতে ওই ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের যথাক্রমে মণিপুরের চূড়াচান্দপুরের বাসিন্দা লাইশ্রাম টিকেন মেইতেই এবং মনালিসা চানু বলে শনাক্ত করা হয়েছে। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৩০৮(৪) এবং অস্ত্র আইনের ধারা ২৫(১)(ক)-এর অধীনে রুজু করা হয়েছে।
তাদের ঘয়ে তালাশি চালিয়ে একটি ৯ এমএম ইতালীয় পিস্তল, পাঁচ রাউন্ড সক্রিয় গুলি এবং একটি চীনে তৈরি গ্রেনেড উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রজত কুমার জানান, তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে প্রায় দেড় মাস আগে ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়েছিল। মূলত তারা স্বামী-স্ত্রী নয়।
গ্রেফতারকৃতদের সঙ্গে কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠন বা আন্ডারগ্রাউন্ড গোষ্ঠীর যোগাযোগ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ। বর্তমানে দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানান রজত কুমার।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস