বোমা সরাতে গিয়ে বিস্ফোরণ, কবজি উড়ে গেল মুর্শিদাবাদের যুবকের
বহরমপুর, ৭ মে (হি.স.) : মজুত থাকা তাজা বোমা সরাতে গিয়ে বিস্ফোরণে দুই হাতের কবজি উড়ে গেল এক যুবকের। বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জখম যুবকের নাম রমজান শেখ (১৯)। বর্তমানে তিনি আশঙ
বোমা সরাতে গিয়ে বিস্ফোরণ, কবজি উড়ে গেল মুর্শিদাবাদের যুবকের


বহরমপুর, ৭ মে (হি.স.) : মজুত থাকা তাজা বোমা সরাতে গিয়ে বিস্ফোরণে দুই হাতের কবজি উড়ে গেল এক যুবকের। বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। জখম যুবকের নাম রমজান শেখ (১৯)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাঁড়েরা গ্রামের ত্রাস হিসেবে পরিচিত ফাইজল শেখের খুড়তুতো ভাই হলেন এই রমজান। ফাইজলের বিরুদ্ধে বোমা মজুত ও হামলার একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার রাতে গ্রামের এক যুবককে হাঁসুয়ার কোপ মারার ঘটনায় ফাইজলের সঙ্গে রমজানও অভিযুক্ত ছিলেন। বুধবার রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অভিযান চালিয়ে ফাইজলকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়।

দাদা গ্রেফতার হওয়ার পর পুলিশের তল্লাশির ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন রমজান। বাড়ির ভেতরে গর্ত খুঁড়ে জারের মধ্যে রাখা প্রায় ২৫-৩০টি তাজা বোমা সরিয়ে ফেলার চেষ্টা করছিলেন তিনি। সেই সময় আচমকাই একটি বোমা ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় রমজানের দুটি হাতের কবজি উড়ে যায় এবং তাঁর চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়েই সালার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার শচিন মাক্কার জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে আর কারা জড়িত এবং কোথা থেকে এত বোমা এল, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande