
জলন্ধর, ৭ মে (হি.স.): জোড়া বিস্ফোরণের আতঙ্ক কাটতে না কাটতেই এবার পঞ্জাবের জলন্ধরে একাধিক স্কুলে বোমাতঙ্ক! বৃহস্পতিবার বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলন্ধরের অ্যাপীজে স্কুল থেকে ছাত্রছাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এডিসিপি আকার্শি জৈন বলেন, “আমরা খবর পেয়েছি, বৃহস্পতিবার সকালে ৫-৬টি স্কুলে হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে। আমাদের পুলিশ টিম ইমেল পাওয়া স্কুলগুলিতে পৌঁছেছে। আমরা সরেজমিনে যাচাই এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপ বিরোধী তল্লাশি চালাচ্ছি।”
এর আগে জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্সের পঞ্জাব ফ্রন্টিয়ার্স সদর দফতরের গেটের বাইরে বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ায়। এরপর বৃহস্পতিবার জলন্ধর শহরের বেশ কয়েকটি স্কুল ইমেইলে বোমা হামলার হুমকি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসিপি-১) আকার্শি জৈন বলেন, “শহরের আট থেকে নয়টি স্কুল ইমেইলের মাধ্যমে হুমকি পেয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি। আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ