
পশ্চিম বর্ধমান, ১ জুন (হি. স. ) : রাজ্যে পরিবর্তনের পর এবার দেখা যাচ্ছে অন্য ছবি৷ তাই আসানসোল ও দুর্গাপুরে জাতীয় সড়কে দুর্ঘটনা এড়াতে এবং বিভিন্ন পরিকাঠামোর উন্নয়নে এবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ, পুলিশ, মোটরবিভাগ একসঙ্গে সমন্বয় রেখে কাজ করতে নামল৷
সোমবার থেকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ যৌথভাবে জাতীয় সড়ক 19-এ দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে৷ বারবাড্ডা থেকে পানাগড় পর্যন্ত জাতীয় সড়কের বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকাকে চিহ্নিত করে সেখানে গাড়ির গতি নিয়ন্ত্রণ-সহ একাধিক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে৷ এতে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ ছাড়াও মোটর ভেহিক্যাল বিভাগের আধিকারিকরাও ছিলেন৷
পুলিশ জানিয়েছে, এই কর্মসূচির মূল লক্ষ্য হল সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা এবং ভবিষ্যতে দুর্ঘটনামুক্ত জাতীয় সড়ক গড়ে তোলা৷ সোমবার বাংলা-ঝাড়খণ্ড সীমানায় অবস্থিত ডুবুরডিহি চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (ট্রাফিক), ট্রাফিক পুলিশের আধিকারিক এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা৷ তাঁদের সঙ্গে মোটর ভেহিক্যালস বিভাগের আধিকারিকরাও উপস্থিত ছিলেন ৷
পরিদর্শনের সময় বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকা নিয়ে বিস্তারিত আলোচনা করতে দেখা যায় আধিকারিকদের৷ কোথায় গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত সাইনেজ, গতি-নিয়ন্ত্রণ ব্যবস্থা, সতর্কীকরণ বোর্ড ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন, তা খতিয়ে দেখা হয়৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত