
আরামবাগ, ১ জুন (হি.স.): সোমবার আরামবাগ চক্রের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে সংবর্ধিত হলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংবর্ধনা গ্রহণ করে বিধায়ক হেমন্ত বাগ বলেন, এই সম্মান শুধুমাত্র তাঁর ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং আরামবাগের সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও আশীর্বাদের প্রতিফলন। তিনি শিক্ষকদের সমাজ গঠনের প্রধান কারিগর হিসেবে উল্লেখ করে বলেন, একটি সুস্থ ও শিক্ষিত সমাজ নির্মাণে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, শিক্ষক সমাজের স্নেহ, পরামর্শ ও সহযোগিতা আগামী দিনে আরামবাগের শিক্ষা ব্যবস্থা এবং সার্বিক উন্নয়নের কাজে তাঁকে আরও অনুপ্রাণিত করবে। শিক্ষার মানোন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষক-শিক্ষিকাদের এই আন্তরিক উদ্যোগের জন্য সকল আয়োজক ও উপস্থিত শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান হেমন্ত বাগ। পাশাপাশি তিনি আশ্বাস দেন, শিক্ষক সমাজকে সঙ্গে নিয়ে আরামবাগের উন্নয়নের কাজ আগামী দিনে আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA