
কলকাতা, ১২ জুন ( হি. স.) : সই জালিয়াতি মামলার তদন্তে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে আগামী রবিবার ভবানী ভবনে তলব করা হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই একই দিনে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও পুনরায় তলব করা হয়েছে।
এর আগে আদালতের নির্দেশ মেনে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা নাগাদ সিআইডি দফতর ভবানী ভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে গোয়েন্দাদের ম্যারাথন প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। তবে সিআইডি সূত্রের দাবি, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সদুত্তর মেলেনি। তাঁর দেওয়া তথ্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। এই পরিস্থিতিতে আরও কিছু তথ্য গোপন করা হচ্ছে বলে অনুমান সিআইডি-র।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে পাওয়া তথ্যের সাথে অন্যান্যদের বয়ান মিলিয়ে দেখার জন্যই মূলত কুণাল ঘোষকে তলব করা হয়েছে। এর আগে এই মামলার তদন্তে কুণাল ঘোষ তৃণমূল নেতা চন্দ্রনাথ সিনহার বাড়িতে গিয়েছিলেন। ইতিমধ্যেই সিআইডি গোয়েন্দারা শোভনদেব চট্টোপাধ্যায় এবং মদন মিত্রের জবানবন্দি রেকর্ড করেছেন। এমনকি শুক্রবারও মদন মিত্রের বাড়িতে গিয়েছিলেন সিআইডি-র আধিকারিকরা। গোয়েন্দা সূত্রে খবর, আগে বিধায়কদের থেকে পাওয়া তথ্যের সাথে গত বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যের কোনো মিল পাওয়া যাচ্ছে না। দুই পক্ষের বয়ান সম্পূর্ণ আলাদা।
এই বয়ানের অসঙ্গতি দূর করতেই আগামী রবিবার, ১৪ জুন দুপুর ১২টায় ফের ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অন্য দিকে, কুণাল ঘোষকে ওই একই দিনে দুপুর ২টো থেকে আড়াইটের মধ্যে হাজির হওয়ার নোটিস পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি