
কলকাতা, ১২ জুন (হি.স.): সরকারি ও সরকারের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে স্মার্ট মিটার বসানোর নির্দেশকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সদ্য প্রকাশিত মুখ্যসচিবের আদেশনামায় সরকারি প্রতিষ্ঠানগুলির পাশাপাশি সরকারি আবাসনগুলিতেও বাধ্যতামূলকভাবে স্মার্ট মিটার বসানোর কথা বলা হয়েছে। সেই নির্দেশের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন (PSKU)।
সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশীষ দাস বুধবার এক বিবৃতিতে জানান, সরকারি আবাসনে বসবাসকারী কর্মচারী ও পেনশনভোগীদের নিজেদের খরচে স্মার্ট মিটার বসাতে বাধ্য করা হচ্ছে। তাঁর অভিযোগ, এই সিদ্ধান্ত কর্মচারীদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের শামিল। তিনি বলেন, “দেশের বিভিন্ন প্রান্তে স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে গ্রাহকদের প্রতিবাদী আন্দোলন চলছে। সেই পরিস্থিতিতে সরকারি আবাসনের বাসিন্দাদের ওপর এ ধরনের নির্দেশ চাপিয়ে দেওয়া অযৌক্তিক।”
PSKU-র দাবি, সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীও স্মার্ট মিটার বাধ্যতামূলক নয় বলে মন্তব্য করেছেন। সেই প্রেক্ষিতে রাজ্য সরকারের এই পদক্ষেপ আরও প্রশ্নের জন্ম দিচ্ছে বলে সংগঠনের মত। অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে ইউনিয়ন। যদিও এ বিষয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত