কলকাতায় দেশের প্রথম ‘ওরাকল এআই ডেটা প্ল্যাটফর্ম ল্যাব’ চালু করল টিসিএস
কলকাতা, ১২ জুন (হি.স.): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যবসায়িক রূপান্তরে গতি আনতে কলকাতায় দেশের প্রথম ‘ওরাকল এআই ডেটা প্ল্যাটফর্ম ল্যাব’ ও ‘সেন্টর অব এক্সেলেন্স’ চালু করল টাটা কনসালট্যান্সি সার্ভিসেস । টিসিএস ও ওরাকলের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই বি
কলকাতায় দেশের প্রথম ‘ওরাকল এআই ডেটা প্ল্যাটফর্ম ল্যাব’ চালু করল টিসিএস


কলকাতা, ১২ জুন (হি.স.): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যবসায়িক রূপান্তরে গতি আনতে কলকাতায় দেশের প্রথম ‘ওরাকল এআই ডেটা প্ল্যাটফর্ম ল্যাব’ ও ‘সেন্টর অব এক্সেলেন্স’ চালু করল টাটা কনসালট্যান্সি সার্ভিসেস । টিসিএস ও ওরাকলের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই বিশেষ কেন্দ্রটি শহরের ডেল্টা পার্ক লর্ডস ভবনে স্থাপিত হয়েছে। সংস্থার দাবি, এর মাধ্যমে বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিষ্ঠানগুলি তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, এআই-চালিত স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং উন্নত বিশ্লেষণমূলক পরিষেবার সুবিধা পাবে।

​টিসিএস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বহু সংস্থা এখনও বিচ্ছিন্ন তথ্যভান্ডার (সিলোড ডেটা), ধীরগতির বিশ্লেষণ প্রক্রিয়া, এআই ব্যবহারে সীমাবদ্ধতা এবং পরিচালনাগত অদক্ষতার মতো সমস্যার মুখোমুখি হয়। নতুন এই ল্যাব সেই সমস্ত বাধা দূর করে তথ্যকে কার্যকর ব্যবসায়িক সম্পদে রূপান্তর করতে সাহায্য করবে। ওরাকল এআই ডেটা প্ল্যাটফর্মের মাধ্যমে ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (OCI), অটোনোমাস এআই ডেটাবেস এবং এন্টারপ্রাইজ এআই প্রযুক্তির সমন্বয়ে এজেন্টিক অ্যাপ্লিকেশন তৈরির সুযোগও মিলবে।

​টাটা কনসালট্যান্সি সার্ভিসেসের গ্লোবাল হেড (ওরাকল প্র্যাকটিস) সুদীপ্ত রায় এই প্রসঙ্গে বলেছেন, “এই কেন্দ্রের লক্ষ্য হলো ধারণা থেকে পরীক্ষামূলক প্রয়োগ এবং সেখান থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথকে দ্রুততর করা। আগামী তিন বছরে দেশের আরও চারটি শহরে এ ধরনের ল্যাব ও সেন্টার অব এক্সেলেন্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।” উল্লেখ্য, বর্তমানে ভারতে টিসিএস-এর ২৬ হাজার ওরাকল-দক্ষ পেশাদার বিভিন্ন সংস্থার এআই উদ্যোগে প্রযুক্তিগত সহায়তা প্রদান করছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande