
যোরহাট (অসম), ১৩ জুন (হি.স.) : অসমের যোরহাটে ররৈয়ায় অবস্থিত ভারতীয় বায়ুসেনার (আইএএফ) ঘাঁটিতে আইএএফ-এর এএন-৩২ পণ্যবাহী (কার্গো) বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। সূত্রের খবর, এ ঘটনায় বায়ুসেনার জনৈক আধিকারিকের মৃত্যু এবং কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহত সম্পর্কে এখও সরকারিভাবে সঠিক তথ্য প্রকাশ করা হয়নি।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে প্রকাশ, আজ শনিবার সকালে যোরহাটের ররৈয়া বায়ুসেনা ঘাঁটির রানওয়ে স্পর্শের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী এএন-৩২ বিমান। জানা গেছে, অবতরণের সঙ্গে সঙ্গে বিমানটি বিস্ফোরিত হয়, ধরে যায় আগুন। কালো ধোঁয়া এলাকায় ছড়িয়ে পড়ে। দুৰ্ঘটনাগ্ৰস্ত বিমানটি ৪৩ স্কোয়াড্রনের ছিল। এটি সামগ্রী পরিবহণের কাজে ব্যবহার করা হতো।
সর্বশেষ প্ৰাপ্ত খবরে জানা গেছে, এই দুর্ঘটনায় ভারতীয় বায়ুসেনার এক আধিকারিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। আহতদের বায়ুসেনা ঘাঁটির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ মুহূর্তে কয়জনের মৃত্যু বা কয়জন আহত হয়েছেন, তা সঠিকভাবে জানা যায়নি। এছাড়া, ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকেও এখন পর্যন্ত সংঘটিত দুর্ঘটনা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
খবর, দুর্ঘটনার পর বিমানের আগুন নিয়ন্ত্রণে আনা এবং পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছে। এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস