
নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ লিয়াকি ফ্রিডম-এ হামলা হয়েছে এবং তাতে ভারতীয় নাবিকদের মৃত্যু হয়েছে বলে যে খবর ছড়িয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
শুক্রবার মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়, জাহাজে থাকা সমস্ত নাবিকই নিরাপদে রয়েছেন। বিদেশ মন্ত্রকের দাবি, লিয়াকি ফ্রিডম-এর ক্যাপ্টেনের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে। তাঁর কাছ থেকেই নিশ্চিত হওয়া গিয়েছে যে, জাহাজের কোনও ক্রু সদস্যের ক্ষতি হয়নি এবং হামলার খবর সঠিক নয়।
বিগত কয়েকদিনে খাঁড়ি অঞ্চলে পরপর একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার জেরে এমনিতেই উদ্বেগ বাড়ছে। সেই আবহে লিয়াকি ফ্রিডম নিয়েও বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছিল। বিদেশ মন্ত্রকের বক্তব্য, বাস্তবে জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন।
এদিকে, খাঁড়ি অঞ্চলে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক অভিযানে তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত কূটনৈতিক স্তরেও আপত্তি জানিয়েছে।
শনিবার ভোরে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিয়োর সঙ্গে ফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই আলোচনায় তিনি ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় ভারতের কড়া প্রতিবাদ জানান।
এক্স-এ দেওয়া পোস্টে জয়শঙ্কর লেখেন,খাঁড়ি অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর এ ধরনের প্রাণঘাতী হামলা গ্রহণযোগ্য নয়। আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য