
নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : ম্যাগি নুডলসে পোকা থাকার অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলল নেসলে ইন্ডিয়া। শনিবার সংস্থার দাবি করেছে , পরীক্ষাগারে হওয়া একাধিক মান ও নিরাপত্তা পরীক্ষায় ম্যাগির সব নমুনাই খাদ্য সুরক্ষার নির্ধারিত মান পূরণ করেছে। ফলে অভিযোগের কোনও ভিত্তি নেই।
শনিবার শেয়ার বাজারে জমা দেওয়া এক ব্যাখ্যায় নেসলে জানায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি যাচাই না-হওয়া অ্যাকাউন্ট থেকে অভিযোগটি প্রথম সামনে আসে। পরে সেই অভিযোগের ভিত্তিতে খাদ্য সুরক্ষা ও মান নির্ধারণকারী সংস্থা এফএসএসএআই তাদের কাছে ব্যাখ্যা চায়।
১২ জুন প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন নিয়ে এনএসই ও বিএসই-র প্রশ্নের জবাবে নেসলে স্পষ্ট জানায়, ম্যাগিতে পোকা থাকার অভিযোগ তারা সম্পূর্ণভাবে খারিজ করছে।
সংস্থার দাবি, উৎপাদন ব্যাচ এবং বাজার থেকে সংগ্রহ করা নমুনার উপর স্বাধীন পরীক্ষাগারে পরীক্ষা চালানো হয়েছে। সব ক্ষেত্রেই পণ্য খাদ্য সুরক্ষা ও গুণগত মানের নির্ধারিত নিয়ম মেনেছে বলে রিপোর্টে উঠে এসেছে।
এদিন নেসলে আরও জানিয়েছে, অভিযোগকারী এখনও পর্যন্ত কোনও নমুনা পরীক্ষার জন্য তাদের কাছে পাঠাননি। পাশাপাশি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে অভিযোগ করা হয়েছিল, সেটির সঙ্গে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়েছে।
বিতর্কের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ায় ম্যাগি নুডলসে পোকা থাকার দাবি ঘিরে। বিষয়টি সামনে আসার পর এফএসএসএআই নেসলে ইন্ডিয়ার কাছে রিপোর্ট তলব করে।
সংস্থার বক্তব্য, তাদের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত কঠোর এবং পরীক্ষিত সব নমুনাই ভোক্তাদের জন্য নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। একইসঙ্গে খাদ্য নিরাপত্তা ও ক্রেতাদের আস্থা বজায় রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে নেসলে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য