
নয়াদিল্লি, ১৩ জুন (হি.স.) : জাতীয় স্তরের পরীক্ষার পরিচালনায় আরও স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মান নির্ধারণের লক্ষ্যে নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালু করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ‘পরীক্ষা কর্মযোগী: পরীক্ষা আধিকারিকদের সক্ষমতা উন্নয়ন কর্মসূচি’ নামে এই ডিজিটাল প্রশিক্ষণ কোর্সটি কেন্দ্রীয় সরকারের আইজিওটি কর্মযোগী ভারত প্ল্যাটফর্মে চালু করা হয়েছে।
শনিবার এনটিএ-র প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রের সুপারিনটেনডেন্ট, ইনভিজিলেটর-সহ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের জন্য বিশেষভাবে এই প্রশিক্ষণ কর্মসূচি তৈরি করা হয়েছে। বিশেষত নিট (ইউজি)-সহ এনটিএ পরিচালিত বিভিন্ন পরীক্ষার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বাড়ানোই এর মূল উদ্দেশ্য।
পরীক্ষা পরিচালনার পুরো প্রক্রিয়াকে মাথায় রেখে চারটি পৃথক মডিউলে সাজানো হয়েছে এই কোর্স। প্রথম মডিউলে পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে। দ্বিতীয় মডিউলে পরীক্ষার আগে প্রস্তুতি, পরীক্ষাকেন্দ্রের পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনে চলার বিষয়গুলি তুলে ধরা হয়েছে।
তৃতীয় মডিউলে পরীক্ষার দিনের কাজকর্মকে চারটি ধাপে ভাগ করে ব্যাখ্যা করা হয়েছে— পরীক্ষা শুরুর আগে, পরীক্ষার সূচনাকাল, পরীক্ষার সময় এবং পরীক্ষা শেষ হওয়ার পর। চতুর্থ মডিউলে থাকছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও দায়িত্ব সংক্রান্ত সংক্ষিপ্ত রেফারেন্স গাইড।
এনটিএ জানিয়েছে, এই কোর্সের মাধ্যমে পরীক্ষাকর্মীরা নিজেদের সুবিধামতো সময় বেছে নিয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে শংসাপত্রও দেওয়া হবে। এর ফলে পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত নিয়ম মেনে কাজের সংস্কৃতি, দক্ষতা এবং জবাবদিহি আরও শক্তিশালী হবে বলে মনে করছে সংস্থা।
এনটিএ-র মতে, বৃহৎ পরিসরে জাতীয় স্তরের পরীক্ষা পরিচালনায় প্রশিক্ষিত পরীক্ষাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন প্রান্তে এক অভিন্ন মানদণ্ডে পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে পরীক্ষাব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে এনটিএ। ‘পরীক্ষা কর্মযোগী’ কর্মসূচিকে সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য