
ইমফল, ১৩ জুন (হি.স.) : মণিপুরের সংঘাতকবলিত সদর হিলস এলাকায় আজ শনিবার ফের সহিংসতার ঘটনা ঘটেছে। লাসানের কাছে এক কুকি গ্রাা স্বেচ্ছাসেবককে হত্যার পর এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কুকি-জো ভিলেজ ভলান্টিয়ার্স, সদর হিলস-এর জারিকৃত এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ ১৩ জুন সকাল প্রায় ৮টা ৪০ মিনিট নাগাদ লাসান কুকি-জো গ্রামের আশপাশে গ্রাম স্বেচ্ছাসেবকরা নিরাপত্তা, নজরদারি এবং সচেতনতামূলক কাজে নিযুক্ত ছিলেন। সে সময় জাংগাম হ্যাংশিং (৩৯) নামের এক স্বেচ্ছাসেহককে হত্যা করা হয়েছে। তিনি কাঙপোকপি জেলার লাউথাং গ্রামের বাসিন্দা ছিলেন। সংগঠনের দাবি, এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে কুকি গ্রামগুলোর সুরক্ষার দায়িত্ব পালন করার সময় তিনি নিহত হয়েচে0ন।
বিবৃতিতে কুকি-জো ভিলেজ ভলান্টিয়ার্স অভিযোগ করেছে, এনএসসিএন-আইএম এবং তাদের কথিত ‘সহযোগী’ জেডইউএফ (কামসন গোষ্ঠী) ওই এলাকায় কুকি-জো সম্প্রদায়ের জন্য হুমকি। সংগঠনটি জানিয়েছে, তারা গ্রামগুলোর সুরক্ষা এবং সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। এছাড়া সংগঠনটি সতর্ক করে বলেছে, যারা অভিযুক্ত হামলাকারীদের সাহায্য বা সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছে কুকি-জো ভিলেজ ভলান্টিয়ার্স। পাশাপাশি কুকি-জো অধ্যুষিত এলাকায় নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস