সরকারি পরিষেবা আরও স্বচ্ছ ও গতিশীল করতে গোঘাট-১ বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক
হুগলি , ১৩ জুন (হি.স.) : সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দিতে গোঘাট-১ ব্লক প্রশাসনের উদ্যোগে শনিবার একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। গোঘাট-১ বিডিও অফিসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও শান্ত
গোঘাট বিডি অফিসে প্রশাসনের বৈঠক


হুগলি , ১৩ জুন (হি.স.) : সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে পৌঁছে দিতে গোঘাট-১ ব্লক প্রশাসনের উদ্যোগে শনিবার একটি প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল। গোঘাট-১ বিডিও অফিসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও শান্ত চক্রবর্তী, গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল, গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার এবং বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা।

বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, জনসাধারণের অভিযোগের দ্রুত নিষ্পত্তি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরও গতি আনার ওপর জোর দেওয়া হয়।

বিধায়ক প্রশান্ত দিগার বলেন, সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায় এবং মানুষের সমস্যার দ্রুত সমাধান হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।

বিডিও শান্ত চক্রবর্তী জানান, প্রশাসনিক পরিষেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনমুখী করে তুলতে নিয়মিতভাবে এই ধরনের পর্যালোচনা বৈঠক করা হচ্ছে। বিভিন্ন দফতরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে।

গোঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক মধুসূদন পাল আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকার কথা তুলে ধরেন।

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের আশা, এ ধরনের সমন্বয় বৈঠকের ফলে সরকারি পরিষেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানের প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande