
শ্রীভূমি (অসম) ১৩ জুন (হি.স.) : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২১ জুন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে। এরই অংশ হিসেবে আগামী ১৯ জুন জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে সকাল ৯-টা থেকে জেলা স্তরের যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রাজ্যের জাতীয় আয়ুষ মিশনের অধীনে শ্রীভূমি জেলা প্রশাসন এবং জেলা স্বাস্থ্য সমিতির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে যোগচর্চার প্রসার, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ ও সক্রিয় জীবনযাপনের বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
প্রতিযোগিতাটি চারটি বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত হবে। প্রথম বিভাগে ১০ বছর বয়স পৰ্যন্ত প্রতিযোগীরা অংশ নিতে পারবেন। দ্বিতীয় বিভাগে ১০ বছরের ঊর্ধ্ব থেকে ১৮ বছর পর্যন্ত, তৃতীয় বিভাগে ১৮ বছরের ঊর্ধ্ব থেকে ৩৫ বছর পর্যন্ত এবং চতুর্থ বিভাগে ৩৫ বছরের ঊর্ধ্ব বয়সি ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীদের বয়স ৩১ মে (২০২৬) অনুযায়ী গণনা করা হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী প্রতিযোগীদের আগামী ১৭ জুন বিকাল ৫-টার মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য নির্ধারিত গুগল ফর্মের লিংক ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
শ্রীভূমি জেলার সকল যোগপ্রেমী, ছাত্রছাত্রী, যুবক-যুবতী এবং সাধারণ নাগরিকদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা বলেছেন, এই প্রতিযোগিতা জেলার মানুষের মধ্যে যোগচর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি, নতুন প্রতিভার বিকাশ এবং শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিযোগিতা সংক্রান্ত আরও তথ্য জানতে ৯৩৬৫১ ৮১৯১৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস