তাবিজের ফাঁদে সম্মোহন, যুবকের টাকা হাতিয়ে চম্পট! আগরতলায় ধৃত দুই ভণ্ড সাধু
আগরতলা, ১৩ জুন (হি.স.) : তাবিজ দিয়ে সম্মোহিত করে যুবকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ভিনরাজ্যের দুই সাধুকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানী আগরতলায় রামনগর ২ নম্বর রোড এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি
দুই সাধু আটক


আগরতলা, ১৩ জুন (হি.স.) : তাবিজ দিয়ে সম্মোহিত করে যুবকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ভিনরাজ্যের দুই সাধুকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে রাজধানী আগরতলায় রামনগর ২ নম্বর রোড এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তির বাড়ি উত্তরপ্রদেশের আগ্রা জেলায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বহিঃরাজ্য থেকে আসা একদল তথাকথিত সাধুর আনাগোনা বেড়েছে। কপালে তিলক, গলায় মোটা তুলসীর মালা এবং ধর্মীয় বেশভূষায় তাঁরা বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা বা অনুদান সংগ্রহ করে। তবে তাঁদের একাংশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও দীর্ঘদিনের।

শনিবার দুপুরে রামনগর ২ নম্বর রোড এলাকায় ওই দুই সাধু জনৈক যুবকের কাছে খাবারের জন্য ১০০ টাকা চান। মানবিক কারণে যুবকটি তাঁদের ১০০ টাকা দিয়ে দেন। এরপর সাধুরা তাঁকে একটি তাবিজ দেন এবং সেটি হাতে নিতে বলেন। অভিযোগ, তাবিজ হাতে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই যুবকটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন এবং নিজের বিবেচনাশক্তি হারিয়ে ফেলেন।

এই সুযোগে দুই সাধু যুবকটির কাছে মানিব্যাগে কত টাকা রয়েছে জানতে চান। যুবকটি তখন নিজেই মানিব্যাগ খুলে তাঁদের দেখান। অভিযোগ, সেই সময়ই কৌশলে মানিব্যাগ থেকে সমস্ত টাকা হাতিয়ে নিয়ে সেখান থেকে সরে পড়ে অভিযুক্তরা।

কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় ফিরে এসে যুবকটি বুঝতে পারেন যে তাঁর মানিব্যাগে থাকা সমস্ত টাকা উধাও হয়ে গেছে। এরপর তিনি বাইকে করে রামনগর এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। অবশেষে সংহতি ক্লাবের সামনে ওই দুই সাধুকে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আটক করেন এবং পুলিশের হাতে তুলে দেন।

ভুক্তভোগী যুবকের দাবি, তাবিজটি হাতে নেওয়ার পর কয়েক মিনিটের জন্য তিনি যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। সেই সুযোগেই প্রতারকরা তাঁর টাকা হাতিয়ে নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ডে উত্তরপ্রদেশের আগ্রা জেলার ঠিকানা পাওয়া গেছে। পুলিশ বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ করছে এবং প্রতারণার সঙ্গে জড়িত কোনও বৃহত্তর চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রামনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ বহিঃরাজ্য থেকে আসা ভণ্ড সাধুদের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশও সাধারণ মানুষকে অপরিচিত ব্যক্তির দেওয়া তাবিজ, কবচ বা অন্য কোনও বস্তু গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande