
কলকাতা, ১৩ জুন (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান—এই মনস্কামনা নিয়ে হুগলির পাণ্ডুয়া বিধানসভার ইটাচুনার বাসিন্দা দেবাশিস শীল পায়ে হেঁটে রওনা দিয়েছেন অসমের কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। শনিবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন দেবাশিস।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিস জানান, দেশের ঐক্য, সম্প্রীতি ও সামগ্রিক উন্নয়নের স্বার্থে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া অত্যন্ত প্রয়োজন বলে তিনি মনে করেন। সেই প্রার্থনা জানাতেই তিনি কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। তাঁর দাবি, বর্তমানে সমাজে বিভাজন ও বৈষম্যের পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে মানুষের মুখের হাসি ও সম্প্রীতির আবহ অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। তাঁর দৃঢ় বিশ্বাস, রাহুল গান্ধীর নেতৃত্বে দেশে শান্তি, সৌহার্দ্য ও প্রগতির পরিবেশ আরও মজবুত হবে। দেশের সম্পদ ও সম্ভাবনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তিনি রাহুল গান্ধীকেই একমাত্র উপযুক্ত নেতা বলে মনে করেন।
উল্লেখ্য, গত ৩১ মে ত্রিবেণীর সপ্তর্ষি ঘাটে গঙ্গাস্নানের মাধ্যমে তাঁর এই সুদীর্ঘ পদযাত্রা শুরু হয়েছিল। শনিবার বহরমপুরে দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে আলাপচারিতা হয়। দেবাশিসের এই অভিনব উদ্যোগের কথা শুনে অধীররঞ্জন চৌধুরী তাঁর যাত্রার সাফল্য কামনা করেন এবং সব রকমের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত