
কলকাতা, ১৩ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেস ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান নেতা মানস ভুঁইঞা। শনিবার তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। চিঠিতে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
দল ছাড়ার প্রসঙ্গে মানস ভুঁইঞা জানান, আমি যে মানসিকতা নিয়ে রাজনীতিতে ছিলাম, সেই জায়গায় তৃণমূল কংগ্রেস আর নেই। আমার রাজনৈতিক দর্শন আলাদা। তবে দল ছাড়লেও তিনি যে এখনই রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন না, তাও স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী দিনেও তিনি সক্রিয় রাজনীতিতে থাকবেন।
এই বিষয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে মানস বাবুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তৃণমূলের অন্দরে যে চরম অসন্তোষ ও দল ছাড়ার হিড়িক তৈরি হয়েছে, মানস ভুঁইঞার পদত্যাগ তারই বড় প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / সোনালি