
কলকাতা, ১৩ জুন (হি.স.): মামড়া বাজার এলাকায় একটি পুকুর ভরাট এবং তার একাংশ দখল করে নির্মাণকাজ চালানোর অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনাকে ঘিরে এদিন প্রতিবাদে সরব হন বিজেপি কর্মী-সমর্থকরা। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বাপী সরকার নামে এক ব্যক্তি পুকুরের একটি অংশ দখল করে নির্মাণকাজ চালাচ্ছেন এবং ধাপে ধাপে জলাশয় ভরাটের কাজও অব্যাহত রয়েছে।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের আশঙ্কা, এর ফলে পরিবেশের সমূহ ক্ষতির পাশাপাশি এলাকার জলনিকাশি ব্যবস্থার ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে বলে বিজেপির দাবি।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন নিউটাউনশিপ থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, অবিলম্বে নির্মাণকাজ বন্ধ করে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি, জলাশয় সংরক্ষণে প্রশাসনের সক্রিয় ভূমিকারও দাবি জানানো হয়েছে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব। যদিও অভিযুক্ত ব্যক্তি বা প্রশাসনের তরফে এই অভিযোগের প্রেক্ষিতে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত