ওমানে ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় আমেরিকার জবাবদিহি চায় কংগ্রেস, দাবি নিরপেক্ষ তদন্তের
নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : ওমান উপকূলে ঘটে যাওয়া ঘটনায় ভারতীয় নাবিকদের মৃত্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। কংগ্রেসের দাবি, এই ঘটনায় আমেরিকার ক্ষমা চাওয়া এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো উচিত ভারতের। রবিব
কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা


নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : ওমান উপকূলে ঘটে যাওয়া ঘটনায় ভারতীয় নাবিকদের মৃত্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। কংগ্রেসের দাবি, এই ঘটনায় আমেরিকার ক্ষমা চাওয়া এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো উচিত ভারতের।

রবিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা বলেন, ভারতীয় নাগরিকদের প্রাণহানির মতো গুরুতর ঘটনায় কেন্দ্রের আরও দৃঢ় ও স্পষ্ট কূটনৈতিক অবস্থান নেওয়া প্রয়োজন ছিল। তাঁর মতে, দোষীদের দায় নির্ধারণ এবং জবাবদিহি নিশ্চিত করতে ভারত সরকারের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত।

ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর এবং মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর মধ্যে হওয়া কথোপকথনের পর যে সরকারি বিবৃতি প্রকাশ করা হয়েছে, তার উল্লেখ করে পবন খেরা বলেন, বিবৃতির ভাষা এই ঘটনার গুরুত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

আন্তর্জাতিক আইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সান রেমো ম্যানুয়াল এবং জেনেভা কনভেনশন অনুযায়ী সশস্ত্র সংঘাতের সময় কোনও তৃতীয় দেশের বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। তাই এই ঘটনায় কীভাবে ভারতীয় নাবিকদের মৃত্যু হল, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আনা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

কংগ্রেসের দাবি, কেন্দ্রের উচিত আমেরিকার কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আন্তর্জাতিক স্তরে বিষয়টি জোরালো ভাবে উত্থাপন করা।

বিদেশে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা সরকারের অন্যতম দায়িত্ব বলেও মন্তব্য করেন পবন খেরা। একই সঙ্গে, ভারতীয় নাগরিকদের প্রাণহানির মতো ঘটনায় আরও স্বচ্ছ ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলেও মত কংগ্রেসের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande