
নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : নিটের প্রশ্নফাঁস, সিবিএসই পরীক্ষায় গাফিলতি এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগকে সামনে রেখে দেশজুড়ে ছাত্র আন্দোলনের ডাক দিল কংগ্রেস। শনিবার রাতে দলের ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ জুন থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশব্যাপী ছাত্র পদযাত্রা শুরু হবে।
কংগ্রেস জানিয়েছে, ছাত্র-ছাত্রীদের সমস্যা ও ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে দলের প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হবে রাজস্থানের কোটা শহরে। এরপর ১০ জুলাই উত্তর প্রদেশের এলাহাবাদ, ১১ জুলাই বিহারের পাটনা এবং ১৪ জুলাই দিল্লিতে বৃহৎ ছাত্র সমাবেশ ও পদযাত্রার আয়োজন করা হবে।
দলীয় সূত্রের দাবি, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নফাঁস, সিবিএসই পরীক্ষায় বিশৃঙ্খলা এবং ফলপ্রকাশ ঘিরে বিতর্কে দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা এবং পরীক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার দাবিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
কংগ্রেসের দাবি, কেন্দ্র সরকারকে এই বিষয়ে দ্রুত ও কার্যকর পদক্ষেপ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত এই কর্মসূচিগুলিতে রাহুল গান্ধী নিজে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখবেন বলেও জানিয়েছে দল।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য