
কোচি, ১৪ জুন (হি.স.) : কেরলমে রাজ্য সরকারের ‘প্রিয়দর্শিনী’ প্রকল্পের আওতায় ১৫ জুন থেকে কেএসআরটিসির সাধারণ বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা শুরু হচ্ছে। সেই সিদ্ধান্তের প্রতিবাদে এক অভিনব পদক্ষেপ নিলেন এর্নাকুলামের এক বেসরকারি বাস মালিক। তিনি ঘোষণা করেছেন, সোমবার তাঁর বাসে পুরুষ যাত্রীরাও একদিনের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
এর্নাকুলামের আলুভা-মানজালি রুটে চলাচলকারী ‘লিটল ফ্লাওয়ার’ বাসের মালিক ডেভিস রবিবার জানান, ১৫ জুন সকাল সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁর বাসে ওঠা কোনও পুরুষ যাত্রীর কাছ থেকে ভাড়া নেওয়া হবে না। একই সঙ্গে, কেএসআরটিসিতে বিনামূল্যে যাতায়াতের সুযোগ থাকা সত্ত্বেও যে মহিলারা তাঁর বাসে ভ্রমণ করবেন, তাঁদের মিষ্টি দিয়ে স্বাগত জানানো হবে।
ডেভিসের দাবি, আলুভা-মানজালি রুটে দীর্ঘদিন ধরেই কেএসআরটিসির সঙ্গে প্রতিযোগিতা করে তাঁদের বাস চলেছে। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে এই রুটে পরিষেবা দিচ্ছে ‘লিটল ফ্লাওয়ার’। কিন্তু মহিলাদের জন্য কেএসআরটিসিতে বিনামূল্যে যাত্রার ব্যবস্থা চালু হলে বেসরকারি বাসগুলির যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
তাঁর কথায়, প্রতিদিনের যাত্রীদের বড় অংশই মহিলা। তাঁদের বড় অংশ কেএসআরটিসির দিকে ঝুঁকে পড়লে বেসরকারি বাস পরিষেবার আর্থিক কাঠামো নড়বড়ে হয়ে যেতে পারে।
রাজ্যজুড়েই বেসরকারি বাস মালিকদের একাংশ এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, মহিলাদের জন্য এই উদ্যোগ সামাজিকভাবে ইতিবাচক হলেও এর প্রভাব পড়তে পারে বেসরকারি পরিবহণ শিল্পের উপর। ‘লিটল ফ্লাওয়ার’-এর এই প্রতীকী প্রতিবাদ সেই উদ্বেগকেই সামনে এনে দিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য