
গুয়াহাটি, ১৪ জুন (হি.স.) : অসমে রক্ত সংরক্ষণ ব্যবস্থা এবং সচেতনতা উদ্যোগ আরও মজবুত হয়েছে, বিশ্ব রক্তদান দিবসে রক্ত দান করে বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তদাতাগণ যে অবদান রাখছেন তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী আবারও প্রতিশ্রুতি দিয়ে বলেন, রাজ্য সরকারের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করা হবে।
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে রক্ত দান করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। তাঁর অফিশিয়াল সামাজিক মাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় রক্তদানকারী ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘রক্তদান করুন, জীবন বাঁচান। বিশ্ব রক্তদান দিবসে আমি প্রত্যেক রক্তদাতাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁদের নিঃস্বার্থ উদ্যোগ অসংখ্য মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করেছে।’ মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, অসম সরকার রক্ত সংরক্ষণ কেন্দ্রগুলির (ব্লাড ব্যাংক) উন্নয়ন এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ বাড়াতে জনসচেতনতা কর্মসূচির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কাজ করে চলেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস