
নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে আগামী ১৯ জুন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ‘মেগা জব ফেয়ার ২০২৬’-এর আয়োজন করছে ভারতীয় যুব কংগ্রেস। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বেকারত্ব এবং প্রশ্নফাঁসের ঘটনা রুখতে ব্যর্থ হওয়ার অভিযোগও তুলেছে কংগ্রেস।
রবিবার কংগ্রেস সদর দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে যুব কংগ্রেসের সভাপতি উদয় ভানু চিব এবং দিল্লি কংগ্রেসের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত অনিল ভরদ্বাজ এই কর্মসূচির পোস্টার প্রকাশ করেন।
উদয় ভানু চিব জানান, এবারের চাকরি মেলায় প্রায় ১৫০টি সংস্থা অংশ নেবে। চাকরিপ্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে সাক্ষাৎকার নেওয়া হবে এবং নির্বাচিত প্রার্থীদের সেখানেই অফার লেটার দেওয়া হবে। চাকরি মেলা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হবে বলে জানান তিনি।
চিবের দাবি, গত বছর তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত একই ধরনের চাকরি মেলায় প্রায় ১৮ হাজার যুবক-যুবতী নাম নথিভুক্ত করেছিলেন। তাঁদের মধ্যে প্রায় সাত হাজার জনকে চাকরির অফার লেটার দেওয়া হয়েছিল। এর আগে জয়পুর এবং পাটনাতেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলে তিনি জানান।
অনিল ভরদ্বাজের দাবি, গত বছরের চাকরি মেলার প্রথম দিনেই প্রায় সাড়ে তিন হাজার যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পেয়েছিলেন। এ বছর সেই সংখ্যা আরও বাড়বে বলেই আশাবাদী কংগ্রেস।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য