আরামবাগ রেলস্টেশন পরিদর্শনে বিধায়ক হেমন্ত বাগ
হুগলি , ১৪ জুন (হি.স.): যাত্রী পরিষেবার মানোন্নয়ন এবং স্টেশন এলাকার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে রবিবার আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন রেল স্টেশন পরিদর্শনে যান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। এদিন তিনি স্টেশন ম্যানেজার ও বিজেপির স্থানীয় নেতাকর্মীদের স
রেলস্টেশন পরিদর্শনে হেমন্ত বাগ


হুগলি , ১৪ জুন (হি.স.): যাত্রী পরিষেবার মানোন্নয়ন এবং স্টেশন এলাকার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে রবিবার আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন রেল স্টেশন পরিদর্শনে যান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। এদিন তিনি স্টেশন ম্যানেজার ও বিজেপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন।

পরিদর্শনকালে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা স্টেশনের শৌচাগার এবং স্টেশন চত্বরে পর্যাপ্ত আলোর অভাবের বিষয়টি বিশেষভাবে নজরে আসে। স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের অভিযোগ, অপর্যাপ্ত আলোর কারণে সন্ধ্যার পর স্টেশন এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পাশাপাশি শৌচাগারের অস্বাস্থ্যকর পরিবেশও যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিধায়ক হেমন্ত বাগ স্টেশন ম্যানেজারের সঙ্গে আলোচনা করে দ্রুত এই সমস্যাগুলির সমাধানের দাবি জানান। তিনি শৌচাগারের সংস্কার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং স্টেশন চত্বরে অতিরিক্ত আলোর ব্যবস্থা করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়নে রেল কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বানও জানান তিনি।

পরিদর্শন শেষে স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধায়ক হেমন্ত বাগকে সম্বর্ধনা জানানো হয়। তিনি আশ্বাস দেন, আরামবাগ স্টেশনের উন্নয়ন এবং যাত্রী পরিষেবা আরও উন্নত করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করবেন। এই পরিদর্শনকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande