ঋণের চাপে যুবকের আত্মহত্যা, শোকের ছায়া ভাটি অভয়নগরে
আগরতলা, ১৪ জুন (হি.স.) : ঋণের বোঝা ও ব্যবসায়িক ক্ষতির চাপে পড়ে জনৈক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী আগরতলার ভাটি অভয়নগর এলাকায়। রবিবার সকালে বাড়ির ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ২৩ বছর বয়সী যুবক শ্যামসুন্দর সাউয়ের
মৃতদেহ উদ্ধার


আগরতলা, ১৪ জুন (হি.স.) : ঋণের বোঝা ও ব্যবসায়িক ক্ষতির চাপে পড়ে জনৈক যুবকের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী আগরতলার ভাটি অভয়নগর এলাকায়। রবিবার সকালে বাড়ির ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ২৩ বছর বয়সী যুবক শ্যামসুন্দর সাউয়ের মৃতদেহ। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, মৃত শ্যামসুন্দর সাউ রাজধানীর ভাটি অভয়নগরের ক্যান্টনমেন্ট রোড এলাকার বাসিন্দা। তিনি পেশায় একটি মালবাহী গাড়ির চালক ছিলেন। পাশাপাশি নিজস্ব একটি ব্যবসাও পরিচালনা করতেন। তবে ব্যবসায় আর্থিক ক্ষতির কারণে তিনি ধীরে ধীরে ঋণের জালে জড়িয়ে পড়েন। সেই আর্থিক সংকটই তাঁকে মানসিকভাবে ভেঙে দেয় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, গত কয়েক মাস ধরে শ্যামসুন্দর বেশ চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তিনি নিয়মিত কাজে যেতেন না এবং অধিকাংশ সময় বাড়িতেই কাটাতেন। রবিবার সকালে পরিবারের লোকজন তাঁর ঘরের দরজা খুলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ও জিবিপি পুলিশ ফাঁড়ির কর্মীরা হাসপাতালের মর্গে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ব্যবসায়িক ক্ষতি এবং ঋণের চাপের বিষয়টি সামনে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিন ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা শ্যামসুন্দরকে শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক হিসেবে বর্ণনা করেছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ও পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande