
ধলাই (অসম), ১৫ জুন (হি.স.) : মাদক-চোরাচালানের পর এবার লায়লাপুরে প্রচুর পরিমাণের অবৈধ বিলাতি মদের কার্টুন উদ্ধার করেছে কাছাড় পুলিশ ও আবগারি বিভাগের যৌথ অভিযানকারী দল।
জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে গতকাল রবিবার রাতে যৌথ অভিযান চালিয়ে একটি ছয় চাকার ট্রাকের গতিরোধ করে তাতে তালাশি চালান অভিযানকারীরা। ট্রাকের ভেতরে মুদিখানার পণ্যসামগ্রীর নীচে লুকনো অবস্থায় উদ্ধার হয় ২৩২ কার্টুন অবৈধ আইএমএফএল সুরা ও বিয়ার।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে অসম-মিজোরাম সীমান্তে নাকা পয়েন্টে সন্দেহের ভিত্তিতে ওই ছয় চাকার ট্রাক থামিয়ে তালাশি করা হয়। ঘটনাস্থলেই ট্রাকের চালককে আটক করে পুলিশ। তাকে জেরা করে পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজ চলছে বলে জানা গেছে।
জানা গেছে, আবগারি আইনের সংশ্লিষ্ট ধারায় এক মামলা রুজু করেছে আবগারি দফতর। বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাক ও সমস্ত মদের কার্টুন। মদের বোতলগুলোতে কেবল মেঘালয়ে বিক্রির অনুমোদন রয়েছে বলে লেবেল সাঁটা রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস