ফলতাকে আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলার বার্তা শুভেন্দু অধিকারীর, জনকল্যাণ শিবিরের সভা থেকে একাধিক প্রতিশ্রুতি
ফলতা, ১৭ জুন (হি. স.): দক্ষিণ ২৪ পরগনার ফলতার ফতেপুর ফুটবল মাঠে বুধবার আয়োজিত জনকল্যাণ শিবিরের সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ যাতে কোনও রকম দুর্নীতি ছাড়াই সরকারি প্রকল্পের সুবিধা পান,
ফলতাকে আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলার বার্তা শুভেন্দু অধিকারীর, জনকল্যাণ শিবিরের সভা থেকে একাধিক প্রতিশ্রুতি


ফলতা, ১৭ জুন (হি. স.): দক্ষিণ ২৪ পরগনার ফলতার ফতেপুর ফুটবল মাঠে বুধবার আয়োজিত জনকল্যাণ শিবিরের সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষ যাতে কোনও রকম দুর্নীতি ছাড়াই সরকারি প্রকল্পের সুবিধা পান, সেই লক্ষ্যেই এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। মানুষের সুবিধার কথা মাথায় রেখে শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর কথাও ঘোষণা করেন শুভেন্দু অধিকারী।

সভা থেকে ফলতা বিধানসভাকে আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। শিল্পের প্রসারের উপর জোর দিয়ে বলেন, ফলতায় শিল্প তালুক তৈরি করা হবে এবং বন্দর ভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকার উন্নয়নের জন্য একটি মহিলা কলেজ এবং একটি অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি। মহিলাদের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আরও মহিলা অফিসার নিয়োগের কথাও বলেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ফলতায় দীর্ঘদিন ধরে দুর্নীতি হয়েছে। তাঁর দাবি, আমপানের সময় ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ অর্থেরও লুটপাট হয়েছে। তিনি বলেন, প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে স্বচ্ছ ব্যবস্থার প্রয়োজন রয়েছে।

সভা থেকে আইনশৃঙ্খলা নিয়েও সরব হন তিনি। ফলতায় গুন্ডামি, জমি লুট বা কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী।

সম্প্রতি জাহাঙ্গীর খানকে মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ প্রসঙ্গেও বক্তব্য রাখেন তিনি। তাঁর অভিযোগ, যারা জাহাঙ্গীর খানের ছাড়ানোর দাবিতে পথে নেমেছিলেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী আইনের আওতায় এনে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

আগামী ২২ তারিখ রাজ্য বাজেটে আরও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা হতে পারে বলেও জানান শুভেন্দু অধিকারী। ফলতার উন্নয়ন, শিল্পায়ন ও সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একাধিক পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande