
চেন্নাই, ১৭ জুন (হি.স.) : তামিলনাড়ুতে একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে তীব্র গরম—দুইয়ের জোড়া দাপটে বিপর্যস্ত জনজীবন। চেন্নাই আবহাওয়া দফতর রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, দমকা হাওয়া এবং ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পশ্চিমঘাট সংলগ্ন জেলাগুলির পাশাপাশি নামাক্কল, সেলম, ধর্মপুরী, কৃষ্ণগিরি, তিরুপত্তুর, ভেল্লোর, রানিপেট, তিরুভন্নামালাই, তিরুচিরাপল্লি, পেরাম্বলুর এবং আরিয়ালুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে নীলগিরি, ডিন্ডিগুল, থেনি, মাদুরাই, শিবগঙ্গাই এবং রামনাথপুরম জেলায় প্রবল হাওয়া-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে বৃষ্টির মাঝেও রাজ্যের বিস্তীর্ণ অংশে গরমের দাপট অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুর অন্তত ১২টি জেলায় তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে।
সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে মাদুরাইয়ে, ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস। এর পরেই রয়েছে চেন্নাইয়ের মীনামবাক্কম (৪০.৫ ডিগ্রি), তিরুত্তানি (৪০.২ ডিগ্রি), পালায়মকোট্টাই (৩৯.৮ ডিগ্রি), করুর (৩৯ ডিগ্রি) এবং কুড্ডালোর (৩৮.৪ ডিগ্রি)।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে কয়েকটি এলাকায় পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
রাজধানী চেন্নাই ও পার্শ্ববর্তী এলাকাতেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। শহরের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চেন্নাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে পূর্বাভাস।
১৮ জুন নীলগিরি, থেনি, ডিন্ডিগুল, মাদুরাই, ইরোড, নামাক্কল, করুর, তিরুচিরাপল্লি, পুদুকোট্টাই, শিবগঙ্গাই, আরিয়ালুর এবং পেরাম্বলুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এছাড়া ১৯ জুন দক্ষিণ উপকূলবর্তী তামিলনাড়ুর বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত কাবেরী বদ্বীপ অঞ্চল এবং উত্তর তামিলনাড়ুর একাধিক এলাকায় মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া দফতর নাগরিকদের আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার পাশাপাশি প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং তীব্র গরম থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য