
তারকেশ্বর, ১৫ জুন (হি.স.): তারকেশ্বর বিধানসভার অন্তর্গত ধনেখালি ব্লকের পাঁচটি পঞ্চায়েতকে নিয়ে আয়োজিত জনকল্যাণ শিবিরে সোমবার মানুষের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেল। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে এবং পরিষেবা পেতে সকাল থেকেই শিবিরে ভিড় জমাতে শুরু করেন এলাকার বাসিন্দারা।
শিবিরে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক সন্তু পান। তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন।
সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও উপস্থিত থেকে আবেদনপত্র গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।
বিধায়ক সন্তু পান বলেন, “সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে প্রত্যন্ত এলাকার মানুষের কাছেও সহজে পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই ধরনের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হচ্ছে। মানুষের সমস্যা শুনে দ্রুত সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে।”
শিবিরে আগত বাসিন্দাদের অনেকেই জানান, এক জায়গায় বিভিন্ন সরকারি দপ্তরের পরিষেবা পাওয়ায় তাঁদের সময় ও শ্রম দুটোই বাঁচছে। ফলে জনকল্যাণ শিবিরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই জনকল্যাণ শিবির ধনেখালি ব্লকের পাঁচটি পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA