
মালদা, ১৫ জুন (হি.স.): বিধানসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মালদা জেলা পরিষদে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। সোমবার দুপুরে তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিলেন দলেরই ২০ জন সদস্য। এর ফলে মালদা জেলা পরিষদের বর্তমান বোর্ড টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবার দুপুরে মালদা ডিভিশনাল কমিশনারের অফিসে গিয়ে অনাস্থার চিঠি জমা দেন বিক্ষুব্ধ সদস্যরা। সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, সহকারী সভাধিপতি আবু তৈয়ব রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থার চিঠি জমা দেন তাঁরা। উল্লেখ্য, মালদা জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৪৩। তার মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা ছিল ৩৪। এর মধ্যে অর্ধেকের বেশি সদস্যই বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন। যদি এই ২০ জন সদস্য তাঁদের অবস্থানে অনড় থাকেন, তবে সভাধিপতি ও সহকারী সভাধিপতির পদ খোয়ানো কার্যত সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ