
আরামবাগ, ১৫ জুন (হি.স.): সাধারণ মানুষের সমস্যা শুনে তা দ্রুত সমাধানের লক্ষ্যে আয়োজিত জনকল্যাণ শিবিরে এদিন উপচে পড়া ভিড় দেখা গেল খানাকুলে। সোমবার সরকারি বিভিন্ন পরিষেবা প্রদান এবং জনসাধারণের অভিযোগ-অনুযোগ গ্রহণের উদ্দেশ্যে অনুষ্ঠিত এই শিবিরে উপস্থিত ছিলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।
শিবিরে এসে বিধায়ক সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন। প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি। জমি, রেশন, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক সুরক্ষা প্রকল্পসহ নানা বিষয় নিয়ে বহু মানুষ এদিন শিবিরে উপস্থিত হয়েছিলেন।
বিধায়কের উপস্থিতিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। নিজের ব্যস্ততার মাঝেও তিনি বহু মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আবেদনপত্র গ্রহণ করেন। এদিকে, বিধায়ককে কাছে পেয়ে অনেকেই তাঁর সঙ্গে সেলফি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি। ফলে শিবির চত্বরে একসময় সেলফি নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের মতে, জনকল্যাণ শিবিরের মাধ্যমে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাওয়ায় সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা দ্রুত তুলে ধরা সম্ভব হচ্ছে। শিবিরে আগত মানুষের ব্যাপক উপস্থিতি সেই চিত্রই আরও একবার স্পষ্ট করে দিল।
বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, মানুষের সমস্যা শোনা এবং তার সমাধানে উদ্যোগ নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। জনকল্যাণ শিবির সেই কাজকে আরও সহজ করে তুলছে।
সারাদিন ধরে চলা এই শিবিরে বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন এবং বহু আবেদন ও সমস্যার তাৎক্ষণিক নিষ্পত্তি করা হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA