
গুয়াহাটি, ১৭ জুন (হি.স.) : কার্বি জনজাতির পিতৃপুরুষ সেমসং ইংতির স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে স্বাধীনতার দীর্ঘ ৭৮ বছর পর অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মার নেতৃত্বে বরাক-ব্রহ্মপুত্রের পাশাপাশি কার্বি পাহাড় এলাকায়ও উন্নয়নের অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত রয়েছে, দাবি অসম প্ৰদেশ বিজেপির মুখপাত্র কল্যাণ গগৈয়ের।
অতি সম্প্রতি অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ অভিযোগ করেছিলেন, রাজ্য মন্ত্রিসভায় কার্বি আংলং এবং ডিমা হাসাও জেলা থেকে কোনও প্রতিনিধি নেই। গৌরবের ওই অভিযোগের জবাব দিতে গিয়ে আজ বহুধবার বিজেপির প্রদেশ বিজেপির কল্যাণ গগৈ বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মার নেতৃত্বাধীন বিজেপি জোট সরকার রাজ্যের দুই পাহাড়ি জেলা কার্বি আংলং এবং ডিমা হাসাওয়ের দীর্ঘদিনের সমস্যা সমাধান এবং সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, এই জেলাগুলির মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিগত সময়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ডিমা হাসাও জেলায় চার লেনের জাতীয় সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে ৮৮৪টি পরিবারকে অর্থ প্রদান করা হয়েছে।
কার্বি আংলং জেলার লংভাকুতে অসমের দ্বিতীয় সৈনিক বিদ্যালয় নির্মাণের কাজ বিজেপি সরকার ইতিমধ্যেই শুরু করেছে। ৩৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ এই সৈনিক বিদ্যালয়ের নির্মাণব্যায়ের ৮০ শতাংশ অর্থ কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রক বহন করবে এবং বাকি ২০ শতাংশ অর্থ দেবে অসম সরকার। এছাড়া উমরাংসোতে অসম ক্রিকেট সংস্থার উদ্যোগে নির্মিত ক্রিকেট স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়েছে।
মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শৰ্মা শান্তিচুক্তির অংশ হিসেবে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ)-র সদস্যদের পুনর্বাসন এবং ডিমা হাসাও জেলার পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষ উন্নয়ন প্যাকেজের অধীনে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। কার্বি আংলং জেলার ডিফুতে ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিক্যাল কলেজ, পলিটেকনিক, স্টেডিয়াম সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে।
কল্যাণ গগৈ বলেন, বহু জাতি ও জনগোষ্ঠীর বসবাস অসমে। সব জাতি-জনজাতির প্রতিনিধিত্ব সহ একটি মন্ত্রিসভা গঠন করা অসম্ভব, এই বিষয়টি গৌরব গগৈ জানেন। এর পরও কার্বি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে গৌরব গগৈ এই বিষয়টি উত্থাপন করেছেন বলে দাবি করেছেন বিজেপির প্রদেশ মুখপাত্র।
তিনি বলেন, কংগ্রেস যতই এ বিষয়ে বক্তব্য রাখুক না-কেন, অসমের মানুষ ড. হিমন্তবিশ্ব শৰ্মার নেতৃত্বে রাজ্যের সর্বক্ষেত্রে উন্নয়ন দেখছেন এবং উপভোগ করছেন। তাই শান্তি, উন্নয়ন, বেকার সমস্যা সমাধান সহ বিভিন্ন বিষয়কে অসমের অন্যান্য অঞ্চলের মতো পাহাড়ি দুই জেলার মানুষও গুরুত্ব দিচ্ছেন, বলেন বিজেপির মুখপাত্র কল্যাণ গগৈ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস