
লখনউ , ১৭ জুন (হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ের সুশান্ত গলফ সিটি থানার অন্তর্গত এলাকায় ভাঙচুর এবং গুলি চালানোর ঘটনায় বুধবার দুজনকে আটক করল পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ কার্তুজের উদ্ধার করেছে। এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিবেক সিং নামের এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, মঙ্গলবার বরৌনা গ্রামে বিবেক সিংয়ের বাড়িতে আচমকা ভাঙচুর করে গুলি চালায় অভিষেক শর্মা নামক এক ব্যক্তি ও তার আরও কিছু সহযোগী। বিবেক সিংয়ের অভিযোগের ভিত্তিতে অভিষেক শর্মা, দুর্গেশ কুমার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। অভিষেক সেবাই গ্রামের বাসিন্দা এবং দুর্গেশ সভাখেড়া গ্রামের বাসিন্দা।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, বিবেক এবং অভিষেক উভয়ই ইটভাটায় মাটির ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক