
কলকাতা, ১৯ জুন (হি. স.): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র যুগে অভ্যন্তরীণ নিরীক্ষাকে (ইন্টারনাল অডিট) শুধু নিয়ন্ত্রণ ও পর্যালোচনার গণ্ডিতে আটকে না রেখে বিশ্বাস, জবাবদিহি এবং সুশাসনের অন্যতম স্তম্ভ হিসেবে গড়ে তোলার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি। শুক্রবার কলকাতার নভোটেল হোটেলে আয়োজিত ‘জয়েন্ট অডিট কনক্লেভ ২০২৬’-এ তিনি বলেন, ভবিষ্যৎ তাদেরই, যারা শুধু দ্রুত ডিজিটাল রূপান্তর ঘটাবে না, বরং দায়িত্বশীল ও নৈতিক উপায়ে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করবে।
ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটর্স (আইআইএ) ইন্ডিয়া - কলকাতা চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আইসিএআই, আইসিএমএআই, আইসিএসআই এবং আইসাকা-র প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘ইন্টারনাল অডিট ট্রাস্ট, টেকনোলজি অ্যান্ড ট্রান্সফরমেটিভ গভর্ন্যান্স’।
আইআইএ ইন্ডিয়া - কলকাতা চ্যাপ্টারের সভাপতি অভিন মুখোপাধ্যায় বলেন, অভ্যন্তরীণ নিরীক্ষা পেশা বর্তমানে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সংস্থাগুলি এখন নিরীক্ষকদের কাছ থেকে শুধু ঝুঁকি মূল্যায়ন নয়, কৌশলগত পরামর্শও প্রত্যাশা করছে। একই সঙ্গে এআই, ডেটা অ্যানালিটিক্স, সাইবার নিরাপত্তা, ইএসজি অ্যাসিউরেন্স এবং ডিজিটাল গভর্ন্যান্সের মতো বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।
এদিনের সম্মেলনে অংশগ্রহণকারী বিশেষজ্ঞদের মতে, দ্রুত বদলে যাওয়া প্রযুক্তি নির্ভর পরিবেশে নিরীক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, তথ্যনির্ভর এবং কৌশলগত করে তুলতে হবে। পাশাপাশি, স্বচ্ছতা, নৈতিকতা ও জবাবদিহির ভারসাম্য বজায় রেখেই প্রতিষ্ঠানগুলিকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত