
আসানসোল, ১৯ জুন (হি. স.): অবৈধ পাথর খাদান পরিচালনা এবং ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা বিজয় সিং ওরফে ভোলা সিং। শুক্রবার তাঁকে আসানসোল আদালতে পেশ করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আদালত চত্বরে উপস্থিত একদল বিক্ষোভকারী তাঁর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। অভিযোগ, ওই সময় তাঁকে লক্ষ্য করে ডিমও নিক্ষেপ করা হয়।ভোলা সিং আসানসোলের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে সালানপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, নিরাপত্তার কারণে তাঁকে সালানপুর থানায় না রেখে কুলটি থানায় রাখা হয়েছিল। শুক্রবার আদালতে নিয়ে আসার সময় কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁকে হেলমেট পরিয়ে আনা হয়।আদালত চত্বরে কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন করা হয়। তবে ভোলা সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়