
দার্জিলিং, ১৯ জুন (হি. স. ) : বৃহস্পতিবার রাতে দার্জিলিংয়ে হওয়া প্রবল বর্ষণের জন্য দুধিয়া ব্রিজের অস্থায়ী ডাইভার্সনের (হিউম পাইপ সেতু) একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার শুক্রবার সংবাদমাধ্যমকে জানান যে পরিস্থিতির উপর নিরবচ্ছিন্ন নজরদারি রাখা হচ্ছে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে পথটি দ্রুততম সময়ে পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পূর্ত দফতরের দল এ দিন ঘটনাস্থলে যায়। আধিকারিকরা ডানিয়েছেন, জলস্তর স্বাভাবিক হলেই পুনরুদ্ধারের কাজ অবিলম্বে শুরু করা হবে। মন্ত্রী অজয়বাবু জানান যে, ₹৫২ কোটি ব্যয়ে নতুন স্থায়ী দুধিয়া সেতুর নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে তা সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই ফুঁসছিল পাহাড়ি নদী বালাসন। মধ্যরাতে জলের তোড় আচমকা বেড়ে যাওয়ায় দুধিয়ার হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী সেতুটি সম্পূর্ণভাবে জলের তোড়ে তলিয়ে যায়। ফলে এই মুহূর্তে মিরিকের সঙ্গে দুধিয়া এবং শিলিগুড়ির সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত