
আলিপুরদুয়ার, ১৯ জুন (হি.স.) : হাসিমারার চৌপথি এলাকায় একটি নালায় ডুবে রিমা ওঁরাও নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মৃত শিশুটি কাছের একটি চা বাগান এলাকার বাসিন্দা ছিল। শুক্রবার সকালে নাগাড়ে বৃষ্টির কারণে এলাকার ‘ভোলা নালা’-র জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছিল। সেই সময় শিশুটির মা তাকে রাস্তার পাশে বসিয়ে রেখে নিজের মাকে নালা পার করাতে গিয়েছিলেন। ঠিক তখনই শিশুটি পা পিছলে নালার তীব্র স্রোতে পড়ে গিয়ে তলিয়ে যায়।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র একটি দল পাশের সাতালি চা বাগান এলাকা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার পর গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে জোরদার বিক্ষোভ শুরু করেন। তাঁরা ভুটানগামী প্রধান সড়কটি সম্পূর্ণ অবরুদ্ধ করে দেন। বিক্ষোভকারীদের সাফ দাবি, যতক্ষণ না ওই এলাকার অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে, ততক্ষণ তাঁদের এই আন্দোলন ও বিক্ষোভ জারি থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কড়া নজরদারি চালাচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি