
বসিরহাট, ১৯ জুন (হি. স.) : উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলা হাসপাতাল চত্বরে একটি সরু খাল থেকে বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম বরুণ বৈদ্য (৬৫)। প্রাথমিক তদন্তে ব্যবসা সংক্রান্ত আর্থিক লেনদেনের জেরে তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হাসপাতালের ভিতর দিয়ে বয়ে যাওয়া খালে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে বস্তাটি তীরে তুলে খুলতেই ভিতরে বরুণ বৈদ্যের দেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ।মৃতের বাড়ি বসিরহাট জেলা হাসপাতালের পিছনেই। পরিবারের দাবি, বৃহস্পতিবার থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের সূত্র ধরে তদন্ত এগোচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়