
কলকাতা, ১৯ জুন (হি.স.): টানা কয়েক দিনের গুমোট গরমের পর বৃহস্পতিবারের বৃষ্টিতে কলকাতায় কিছুটা স্বস্তি মিলেছিল। এরপর শুক্রবার সকালে শহরের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হওয়ায় গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা অনেকটাই কম রয়েছে এবং সেই অর্থে কোনও ভ্যাপসা গরম নেই। শুক্রবার সকালের ভারী বৃষ্টিতে সল্টলেক, নিউ টাউন, রাজারহাট-সহ একাধিক পুরসভার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমে ভিআইপি রোড, যশোর রোড-সহ একাধিক রাস্তায়। রাস্তা থেকে জল নামছে খুব ধীর গতিতে। এর জেরে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী ও পথচলতি মানুষ। পুরকর্মীরা জল সরানোর চেষ্টা শুরু করেছেন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, মূলত মেঘলা আকাশ থাকবে এদিন। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ