
ঝাড়গ্রাম, ২ জুন (হি.স.) : জেলার রক্তের চাহিদা মেটাতে উদ্যোগী হল ঝাড়গ্রাম জেলা পুলিশ। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার লালগড় থানায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জেলা পুলিশের এই উদ্যোগে পুলিশকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে জেলার প্রতিটি থানায় পর্যায়ক্রমে রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই সূচনা হল লালগড় থানা থেকে।
এদিনের রক্তদান শিবিরে প্রায় একশো জন পুলিশকর্মী ও স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতেই পুলিশকর্মীরা নিজেরা রক্তদান করে সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার মানব সিংলা, ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন), অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।
উপস্থিত অতিথিরা রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন এবং সুস্থ মানুষদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা পুলিশের এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, রক্তের সংকট মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আরও বেশি মানুষকে রক্তদানে উৎসাহিত করবে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো