

হাফলং (অসম), ২ জুন (হি.স.) : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ডিমা হাসাও প্রেস ক্লাবের উদ্যোগে চলমান ‘ইকো লিভিং প্ল্যান্টেশন ড্রাইভ’-এর অংশ হিসেবে আজ মঙ্গলবার হাফলং সংলগ্ন ফিয়াংপুই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা, বৃক্ষরোপণ কর্মসূচি এবং চারা গাছ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমা হাসাওয়ের জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গে, মাইবাং মিউনিসিপাল বোর্ডের চেয়ারম্যান হিরোজিৎ জিডুং, ডিমা হাসাও প্রেস ক্লাবের সভাপতি স্বদেব হাসামসা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সচেতনতামূলক সভায় বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষা ও সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাঁরা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সভা শেষে অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন। পাশাপাশি উপস্থিত ব্যক্তিবর্গ এবং ছাত্রছাত্রীদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়, যাতে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা আরও বিস্তৃত হয়।
ডিমা হাসাও প্রেস ক্লাবের এই উদ্যোগ টেকসই জীবনযাপনকে উৎসাহিত করা এবং পরিবেশ সুরক্ষায় জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি করার লক্ষ্যে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব